
পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাটে ইজারাদার নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আটটি হাটেরই ইজারাদার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তবে উত্তর সিটির একমাত্র স্থায়ী গাবতলী পশুর হাটের ইজারাদার এখনো চূড়ান্ত না হলেও কোরবানি ঈদে এ হাটেও পশু বিক্রি হবে।সব মিলিয়ে গাবতলী হাটসহ গতকাল শনিবার বিকেল পর্যন্ত ঢাকা উত্তরে মোট ১০টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আরও তিনটি হাটের দরপত্রের শিডিউল আজ রোববার দুপুরে খোলার কথা রয়েছে। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া গেলে এ বছর কোরবানিতে ঢাকা উত্তর সিটিতে পশুর হাট বসবে মোট ১৩টি।আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদের চার দিন আগে থেকে রাজধানীতে পশুর হাট বসে। ঈদের দিনও কোরবানির পশুর কেনাবেচা হয়। সে হিসাবে কোরবানির হাট শুরু হওয়ার কথা আগামী ৩ জুন।ইজারাদার বিএনপির নেতারা প্রথম দফায় ১০টি অস্থায়ী পশুর হাটের জন্য গত ২৯ এপ্রিল দরপত্র আহ্বান করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। এর মধ্যে আফতাবনগরে বাড্ডা ইস্টার্ন হাউজিং ও খিলক্ষেতে বনরূপা হাটের ইজারা উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে। প্রথম দফায় মাত্র তিনটি হাটের জন্য সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া গিয়েছিল। এর মধ্যে একটি হাটের সর্বোচ্চ দর দুই প্রতিষ্ঠানের সমান ছিল।রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট–সংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা পেয়েছে সুরমি ইন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক মজিবুল্লা খন্দকার। তবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসাইন নেপথ্যে থেকে হাট পরিচালনা করছেন বলে জানা গেছে।এ বিষয়ে ইজারাদার মজিবুল্লা প্রথম আলোকে বলেন, ‘হাট পরিচালনায় আকতার হোসেন সার্বিকভাবে তাদের সঙ্গে রয়েছেন।’তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা পেয়েছে জায়ান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মনিরুজ্জামান।প্রথম দফায় সুরাহা না হওয়ায় ছয়টি হাটের জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয় গত ২৪ মে। আর দরপত্রের শিডিউল খোলা হয় গত ২৭ মে। এ দফায়ও কালশী বালুর মাঠের খালি জায়গার হাটে সরকারি নির্ধারিত দর পাওয়া যায়নি।দ্বিতীয় দফায় ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গায় হাটের জন্য মাত্র একটি দরপত্র জমা পড়ে। এতে সরকারি দর দিয়েই এ হাটের ইজারা পেয়েছে তামিম এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক ঢাকা উত্তর সিটির ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।এদিকে উত্তরা দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন এস এম খোকন। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। তাঁর প্রতিষ্ঠানের নাম এস এম ব্রাদার্স। তবে দরপত্রের শিডিউল খোলার দিন পে-অর্ডারের মূল কপির পরিবর্তে ফটোকপি দেওয়া নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা চায়না বাংলা ট্রেডিংয়ের প্রতিনিধিরা নগর ভবনে হট্টগোল করেছিলেন।মিরপুর-৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় হাটের ইজারা পেয়েছে সোহাগ এন্টারপ্রাইজ। এর মালিক রতন মিয়া একজন ব্যবসায়ী। হাট ইজারায় রতন মিয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতারা সহযোগিতা করছেন ও যুক্ত বলে জানা গেছে।
×
10 May 2026 18:34
Reporter Name 








