
জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থানরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর একটার দিকে এই আল্টিমেটাম দেন তারা।
এদিকে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। প্রতিনিধিদলে রয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্যসচিব আল-আমিন, সদস্য আব্দুল হান্নান এবং সদস্য নুরুল আমিন।
স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে শিক্ষকরা রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়ে তারা প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে পদযাত্রা করেন।
এ সময় শাহবাগে শিক্ষকদের উপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে জলকামান নিক্ষেপ করে। এতে অনেকেই আহত হন। তবে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপের পর এখনো শিক্ষকরা সড়কে অবস্থান করছেন। আন্দোলনেকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনেকারীদের মধ্যে পুলিশের হামলায় আহত কয়েকজনও রয়েছেন।
তারা বলেন, গতকাল আমাদের একটি প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়ার কথা বলা হয়। আমরা সেখানে পৌঁছানোর পর রাস্তায় আধঘণ্টা দাড় করিয়ে রাখেন তারা। তারপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসে আমাদের দাবি-দাওয়া জানতে চান।
তারা আরও বলেন, আমাদেরকে সেখানে সম্মান দেওয়া হয়নি। তারপর আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। সেখানে মাদরাসা অধিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন। তারা আমাদের সঙ্গে আজ আলোচনায় বসতে চেয়েছেন।
তারা আরও বলেন, এই সরকার আমাদের সরকার। আমরা সময় দিতে চাই। কিন্তু তা লাগামহীন না। কিন্তু আজকের মধ্যে কোনো সুষ্পষ্ট ঘোষণা না দিলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।
Reporter Name 









