
খুলনার ডুমুরিয়া উপজেলায় থ্রি হুইলার মাহেন্দ্রা এবং তেলবাহী ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কয়রা সদরের মসজিদ-ই-আবু-বকরের (রাঃ) ইমাম ও শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম, তার সঙ্গী শিক্ষক আব্দুর রশিদ এবং মাহিন্দ্রা গাড়িটির চালক রফিকুল ইসলাম। নিহত দুই শিক্ষক খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা আদায়সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মণ্ডল জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
Reporter Name 









