
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বিকালের পরিবর্তে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে পূর্বনির্ধারিত আলোচনা সভা থাকায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার বিকালে বিএনপির সঙ্গে বৈঠকের কথা জানান। শফিকুল আলম বলেছিলেন, রোববার কিছু রাজনৈতিক দলের সাথে চিফ অ্যাডভাইজার বসবেন। ৩টার সময় বিএনপির সাথে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। এছাড়া সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শফিকুল বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে বলেছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে।
জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।
Reporter Name 









