
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠান; নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে পাওয়া অভিমত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, এসব মতামত ও প্রস্তাবনা বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়ন উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশ নেন।
কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজনের কথা ছিল। তবে প্রধান উপদেষ্টার পরামর্শে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে যুক্ত ৩০টি রাজনৈতিক দল ও জোটকে দুজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ দলই নাম পাঠিয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।’ তিনি জানান, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামী শনিবার কমিশনের আরেকটি বৈঠক হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে দুই ধাপে সংলাপ করে জুলাই সনদের খসড়া প্রণয়ন করে। দলগুলোর মতপার্থক্য সত্ত্বেও কমিশন আশা করছে, এই সনদ দেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কার প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

Reporter Name 












