
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে রয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক (৬০)। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার বাকি দুজন হলেন হবিগঞ্জের লাখাই উপজেলা শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও রাজধানীর পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের ‘ডি’ ব্লক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খোকন (৬০)। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ডিবি মতিঝিল বিভাগ খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেপ্তার করে। একই দিন বেলা পৌনে একটার দিকে পল্টন এলাকা থেকে ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শুক্রবার রাত ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করে।
ডিবি দাবি করেছে, আবদুস সালাম পল্লবীর সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিলেন।

Reporter Name 



















