
বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর কয়েক ঘণ্টা পর অন্যান্য রাজ্যগুলোতেও শুরু হয় ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর রিপাবলিকান দল থেকে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কমলা-ট্রাম্প ছাড়াও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৭১ বছর বয়সি খ্যাতনামা অধ্যাপক কর্নেল ওয়েস্ট, গ্রিন পার্টি থেকে ৭৪ বছর বয়সি নারী রাজনীতিক জিল স্টেইন, লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী চেজ অলিভার এবং পার্টি ফর সোস্যালিজম অ্যান্ড লিবারেশন দলের প্রার্থী ক্লদিয়া দে লা ক্রুজ।
এর আগে প্রথা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচের একমাত্র ভোটকেন্দ্রটিতে দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়।
সেখানে ছয়জন নিবন্ধিত ভোটার। খুব অল্প সময়ের মধ্যেই তাদের ভোটগ্রহণ শেষ হলে ফলাফলও জানা হয়ে গেছে। সেখানে সমান তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।
×
22 January 2026 20:18

Reporter Name 









